কক্সবাজার অফিস
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় জান্তা বাহিনীর তীব্র বিমান হামলার জেরে বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফ এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ওপার থেকে আসা ভয়াবহ বিস্ফোরণের শব্দে বারবার কেঁপে উঠছে সীমান্ত এলাকা। এই পরিস্থিতিতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীসহ পুরো সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৌ টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলা ও সঙ্ঘাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ওপারের এই গোলযোগের প্রভাব যেন বাংলাদেশ সীমান্তে না পড়ে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। প্রথাগত টহলের পাশাপাশি এবার ড্রোনের সাহায্যে সীমান্তজুড়ে সার্বক্ষণিক আকাশপথের নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি বা সীমান্ত অতিক্রমের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এ দিকে উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেছে প্রশাসন। দায়িত্বশীল কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনাফ সীমান্তের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ওপার থেকে ভারী বিস্ফোরণের শব্দ ভেসে আসলেও বাংলাদেশ অংশে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বিজিবি ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব বাহিনী নিবিড়ভাবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। একই সাথে যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে কেবল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।



