উত্তর কোরিয়ার ইয়ংবিয়নে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা

Printed Edition

রয়টার্স

প্রধান পরমাণু কেন্দ্র ইয়ংবিয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন একটি অবকাঠামো গড়ে তুলেছে উত্তর কোরিয়া। ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, নবনির্মিত এই কেন্দ্রে সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজের সারি স্থাপন করা সম্ভব। একই সাথে পিয়ংইয়ংয়ের কাছাকাছি অবস্থিত কাংসন ইউরেনিয়াম কেন্দ্রেও নতুন করে তৎপরতা পরিলক্ষিত হয়েছে, যা একাধিক স্থানে পরমাণু কার্যক্রম জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

সংস্থাটির ২৮ আগস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে কোনো পরিদর্শক পিয়ংইয়ংয়ে প্রবেশের অনুমতি না পাওয়ায় স্যাটেলাইট থেকে প্রাপ্ত আলোকচিত্র এবং উত্তর কোরিয়ার প্রকাশ্য সংবাদের ওপর ভিত্তি করেই তথ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত ছবিতে ইয়ংবিয়নে একটি দ্বিতল ভবনের সন্ধান মেলে, যা দেশটির দ্বিতীয় সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে। গত জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ইয়ংবিয়ন সফরের খবরের সাথে স্যাটেলাইটের তথ্য পর্যবেক্ষণ করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ছবির তথ্যানুযায়ী, ভবনটির উপর ও নিচ উভয় তলাতেই গ্যাস সেন্ট্রিফিউজ সাজানো ছিল। বিদ্যুৎ উৎপাদনের বাইরে উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। সর্বোচ্চ ২৮টি সারির সেন্ট্রিফিউজ স্থাপনের সুযোগ থাকায় সেখানে উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

ইয়ংবিয়নের পাশাপাশি কাংসনের কেন্দ্রে ২০২৪ সালে তৈরি করা সম্প্রসারিত অংশে চলতি বছরের জানুয়ারি থেকে কাজের ইঙ্গিত দেখা গেছে। এই জোড়া পদক্ষেপের ফলে আন্তর্জাতিক উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে।