আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের ট্রাকের হেলপার হিরা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হওয়ায় তিনি স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে পরিবার। এ অবস্থায় চিকিৎসার ব্যয় মেটাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার স্ত্রী মৌসুমী আক্তার।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল বগুড়া শহরের টিএমএসএস এলাকায় একটি ট্রাক দুর্ঘটনায় হিরার দুই পায়ের হাড় ভেঙে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই পায়ে রড স্থাপন করা হয়। প্রায় দুই মাস ধরে তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।
হিরার স্ত্রী মৌসুমী আক্তার জানান, স্বামীর চিকিৎসায় ইতোমধ্যে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে। সংসারের সব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তারা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। একমাত্র সন্তানকে নিয়ে সংসার চালানো এবং স্বামীর চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, হিরা তার গ্রামের বাসিন্দা। তার চিকিৎসা সহায়তার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করা হয়েছে।



