রয়টার্স
যুক্তরাষ্ট্র ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এ চুক্তির আওতায় ভারত পাবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক সিস্টেম এবং এক্সক্যালিবার প্রজেক্টাইলস। ওয়াশিংটনের অনুমোদনকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) কংগ্রেসকে জানিয়েছে, এ বিক্রির মাধ্যমে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী হবে। বিশেষ করে সীমান্তে সম্ভাব্য হুমকি মোকাবেলায় এ অস্ত্রগুলো কার্যকর ভূমিকা রাখবে। জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক সিস্টেম একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসে ব্যবহৃত হয়। এটি কাঁধে বহনযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েনযোগ্য। অন্যদিকে এক্সক্যালিবার প্রজেক্টাইলস হলো জিপিএস-নিয়ন্ত্রিত আর্টিলারি গোলা, যা অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ অস্ত্রগুলো ভারতের সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধক্ষেত্রে আরো কার্যকর করে তুলবে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, এ বিক্রি আঞ্চলিক সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না। বরং এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। তারা আরো বলেছে, এ চুক্তি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।
ভারতীয় কর্মকর্তারা এ অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সীমান্তে চীনের সাথে উত্তেজনা এবং পাকিস্তানের সাথে দীর্ঘদিনের সঙ্ঘাতের প্রেক্ষাপটে এ ধরনের আধুনিক অস্ত্র ভারতের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ সংযোজন।



