রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাসের মেয়ে জিনি সরকার।
স্থানীয়রা জানান, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান এবং পরে আবার ফেরেন আসেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যান। গুরুতর আহতাবস্থায় জয় সরকার ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দু’জনই মারা যান।
আত্রাই থানার ওসি আবদুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় স্বামী ও সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


