কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সম্পূর্ণ বিনামূল্যে ৯০ জন ছানি রোগীর চোখের অপারেশন করেছে আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়া। অপারেশনের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও দেয়া হয়েছে। গত বুধবার আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়ার উদ্যোগে এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অসচ্ছল ও দরিদ্র রোগীদের জন্য নিয়মিত এ সেবা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ছানি রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন, ওষুধ ও চশমা দেয়ার কার্যক্রমটি একদিনের আয়োজন নয়। প্রতি সপ্তাহে নির্ধারিত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী অপারেশন করা হচ্ছে। এর মাধ্যমে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা দরিদ্র ও অসহায় মানুষ চোখের চিকিৎসার সুযোগ পাচ্ছেন।
আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়ার ব্যবস্থাপক রবিউল আওয়াল বলেন, অর্থের অভাবে যেন দরিদ্র ও অসহায় মানুষ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটিই তাদের মূল লক্ষ্য। যোগ্য ও দরিদ্র রোগীদের জন্য এ সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে তারা আশা করছেন।


