নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে এ তালিকা চান।
এমপির ভাষ্য, ‘গোপালি’ (গোপালগঞ্জের বাসিন্দা) দিয়ে নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে। আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালিরা কি আমাদের ভালো চাইবে?
ডিসি-এসপির কাছে তালিকা চেয়ে সংসদ সদস্য বলেন, ‘এটার লিস্ট চাই। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, এটার লিস্ট চাই। তালিকা চাই আমরা। ঘুরে ফিরে আবার ওই গোপালি দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’
আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি নদীপথে চাঁদাবাজির জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেডগুলো ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কিভাবে দেয় জানি না। এটার সাথে বিআইডব্লিউটিএর অফিসাররাও জড়িত।
নিজের নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের অভিযুক্ত করে এই সংসদ সদস্য বলেন, ‘সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাসলাইন অবৈধ। আওয়ামী লীগের আমলে এসব অবৈধ গ্যাস সংযোগ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে দেয়া হয়েছে। অবৈধ গ্যাস লাইনের জন্য যদি মামলা দেয়া হয় তাহলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাইলে দেখবেন সব কমে গেছে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, অবৈধভাবে গ্যাস সরবরাহের কারণে মূল স্থানে গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। একইভাবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও ইজিবাইকের ব্যাটারি চার্জের কারণে বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
নগরীর যানজট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি বলেন, ‘শহরে যানজটের যে অবস্থা, আমাদের অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই। নগর পরিকল্পনা করা উচিত বিভিন্ন উন্নত দেশের মতো।
আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সমাজকে অস্থিতিশীল করার জন্য রাজনৈতিকভাবে একটা মহল চক্রান্ত করছে। আপনারা যদি এই মুহূর্ত থেকে নিজেদেরকে বলীয়ান করে না তোলেন, একসময় আপনারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়বেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্টরা।



