নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় শিক্ষক, ছাত্র ও ছাত্রীসহ দেশের বিভিন্নস্থানে সাতজন নিহত হয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনিতে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম আযম (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার আশাশুনি উপজেলাধীন বুধহাটা-বাঁকা সড়কের কাদাকাটি বাজারের কাছে এ ঘটনা ঘটে।
গোলাম আযম সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল গফ্ফার মোড়লের ছেলে। তিনি খুলনার পাইকগাছা ফশিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক ও সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।
নিহতের বন্ধু আলিপুর গ্রামের জাকিরুল ইসালাম শরিফ জানান, গোলাম আযম সকালে পাইকগাছায় কলেজে গিয়েছিল। দুপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুপুর ১২টার দিকে আশাশুনি উপজেলাধীন বুধহাটা-বাঁকা সড়কের কাদাকাটি বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির মোটরসাইকেলর সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা (ফরিদপুর) জানান, ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় ইমাদ পরিবহনের একটি গাড়ির চাপায় সাহিদা আক্তারী (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাহিদা আক্তারী আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ শাহাদাত হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে দুই-তিনটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গাড়ির চাপায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় মো: রুবেল চৌধুরী (৩৫) নামের এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাশাউজান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি রুবেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো: মুরাদ হোসাইন (২২)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার নিমতলা রেলগেট সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
বাসস জানায়, মাদারীপুর জেলার সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর শিশু মিম কাজী (১২) গুরুতর আহত হয়েছে। নিহত সুরাইয়া ওই ইউনিয়নের দেলোয়ার কাজীর কন্যা এবং আহত মিম মামুন কাজীর কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই স্কুলপড়ুয়া শিশু রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয় এবং মিম আহত হয়। সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। পরে গাড়িতে থাকা একজনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তবে গাড়িতে থাকা আরো তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, প্রাইভেটকারের চালকসহ যাত্রীরা কিশোর এবং তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন। বেপরোয়া গতি ও দায়িত্বহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার সদরপুর-কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হামজা মোল্লা (১৫)। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী মো: শহিদ মোল্লার ছেলে। হামজা সদরপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বেপারী বাড়ির মোড়ে দোকান থেকে বাড়ির কাজের জন্য রঙ কিনে মোটরসাইকেলে ফিরছিল। এ সময় সড়কের উপরে একটি ইজিবাইক ঘুরাতে থাকায় সে দ্রুত ব্রেক চেপে গতি কমানোর চেষ্টা করে। তবে এতে তার মোটরসাইকেলের চাকা সিøপ করে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হামজা সাথে সাথে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম রাব্বানী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় হামজার মৃত্যু হয়।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ গাড়ির ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ী মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা। আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে, কাঁচামরিচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। শনিবার ভোরে মিরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক ব্যবসায়ী নিহত হন।
এ ছাড়া শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় উপজেলার জোরারগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় খোকা সওদাগর নামে একজন নিহত হয়েছেন। নিহত উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলিনগর উত্তর পাড়ার বাসিন্দা।



