সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ

নগরকান্দায় ১০ গ্রামের মানুষের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গত রোববার উপজেলার বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে কর্মসূচিতে সহস্রাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাঠটি দীর্ঘ দিন ধরে আশপাশের ১০ গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন হয়। সম্প্রতি সরকার ওই মাঠে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। এতে শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। পাশাপাশি খেলার মাঠের অভাবে উঠতি বয়সী যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। স্থানীয়রা মাঠে আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ বাতিল করে খেলার মাঠটি সংরক্ষণের দাবি জানিয়েছেন। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।

আগুনে পুড়ে মারা গেল ২টি গরু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামে অগ্নিকাণ্ডে দু’টি গরু পুড়ে মারা গেছে। গত রোববার রাতে উপজেলার ওই গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে আঙ্গুর মিয়ার গোয়ালঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আঙ্গুর মিয়া বলেন, হঠাৎ গোয়ালঘর থেকে আগুন ও গরুর ডাক-চিৎকার শুনে সবাই বাইরে বেরিয়ে আসি। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর আগেই গোয়ালঘরে থাকা দু’টি গরু পুড়ে মারা যায়। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।

অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার অভিযোগে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো: জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাশ এলাকার কালিমন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। সূত্র জানায়, পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় ও সিরাজদিখান থানার ওসি মো: আলাউদ্দিনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এসআই মো: শাহ আলীসহ পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেফতার জহিরুল ইসলাম (৩০) শ্রীনগরের ষোলঘর ইউনিয়নের পাকিয়াপাড়া এলাকার হেলাল বেপারীর ছেলে। পুলিশের দাবি, অভিযানের সময় তিনি প্রকাশ্যে অনলাইন জুয়া খেলছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি।

২৫ মামলার আসামি গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আসামির বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রাম থেকে তাকে তিনটি জিআর সাজা পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সুমন প্রধানের বিরুদ্ধে থানায় পাঁচ বছর ৪ মাসের সশ্রম কারাদণ্ড, ২৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদালতের আদেশ রয়েছে। মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, আসামির বিরুদ্ধে মাদকসহ অন্য ২৫টি মামলা রয়েছে। আমাদের বিশেষ অভিযানে তাকে তার বসতবাড়ির সামনে থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা।

প্রতিবেশীর লাঠির আঘাতে মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কমলপুর মধ্যপাড়ায় প্রতিবেশীর বাঁশের লাঠির আঘাতে তোতালী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গ্রামের মৃত সাদত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে তোতালীর সাথে প্রতিবেশী রবি মিয়ার (৪০) তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রবি বাঁশের লাঠি দিয়ে তোতালীর মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মোহনগঞ্জ থানার ইনচার্জ হাফিজুর রহমান হারুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা

চলছে। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা।

গ্রীস্মকালীন ক্রীড়া প্রতযোগিতা

বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে গতকাল সোমবার সকালে জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীস্মকালীন দু’দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোছা: সালমা আক্তার, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসাইন, জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসাইন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ। বগুড়া অফিস।

ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু মোছাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার জাফরপুর গ্রামের বাবুল মিয়ার চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। নবীনগর থানার ওসি মোরশেদু আলম বলেন, চেয়ারম্যান আবু মোছাকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। স্থানীয়রা জানান, আবু মোছা নৌকা প্রতীকে পরপর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলমত নির্বিশেষে এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে বলে দাবি তাদের। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীরা গ্রেফতার হলেও দীর্ঘ দিন পর তার এই গ্রেফতার ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

অসুস্থতা সইতে না পেরে আত্মহত্যা

নাটোরের নলডাঙ্গায় দীর্ঘ দিনের শারীরিক অসুস্থতা সইতে না পেরে মো: সোহরাফ (৮০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কাজিপুরদিয়ার নতুনপাড়া আদর্শ গ্রামের মৃত আকছের আলীর ছেলে। গত রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ শয়নঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাফ দীর্ঘ দিন ধরে তীব্র পেটব্যথায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ কাফন-দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।