চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝারি পরিসরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরের নির্দেশনা অনুযায়ী গতকাল সকালে অগ্নি নির্বাপণ কাজে নিয়োজিত জনবল, যানবাহন ও ইকুইপমেন্টের কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে স্থানীয়ভাবে কার্গো ওয়ার হাউজ সংলগ্ন স্থানে একটি মাঝারি স্কেলের অগ্নি নির্বাপণন মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিমানবন্দরের ফায়ার শাখা, বিমানবন্দর এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম এবং বিমানবন্দরের মেডিক্যাল টিমসহ অন্যান্য অংশীজনরা অংশ নেন।
মহড়ায় স্ক্রিপ্টের অংশ হিসেবে কার্গো ওয়ার হাউজ সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লাতে আকস্মিক ধরে যাওয়া আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এমতাবস্থায় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সংশ্লিষ্ট সব অংশীজনকে আগুন লাগার বিষয়টি জানালে বিমানবন্দর ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ অন্য অংশীজনরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।



