বিবিসি
প্রশান্ত মহাসাগরে দানা বাধতে থাকা এল নিনো জলবায়ু পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে শক্তিশালী রূপ নিতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস (মেট অফিস)। প্রাকৃতিক জলবায়ুর এই শক্তিশালী প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং চরম আবহাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে যুক্ত হয়ে এই পরিস্থিতির কারণে ২০২৭ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে বলে সতর্ক করেছে মেট অফিস।
ইতোমধ্যেই বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে, ২০২৬ সালে এখন পর্যন্ত ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং আটলান্টিক মহাসাগরে হারিকেন সৃষ্টির তীব্রতা হ্রাস পাওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া যুক্তরাজ্যের শরৎকাল তুলনামূলক বেশি বৃষ্টিবহুল ও ঝড়ো হওয়ার ঝুকিতে রয়েছে।
ব্রিটেনের আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিভাগের প্রধান অধ্যাপক অ্যাডাম স্কেইফ বলেন, আমাদের স্পষ্ট বোঝা উচিত এটি একটি অভূতপূর্ব ঘটনা। আমাদের পূর্বাভাসগুলোতে এল নিনোর সঙ্কেত এত তীব্র হতে আমি কখনো দেখিনি।



