নয়া দিগন্ত ডেস্ক
নেত্রকোনা ও গাইবান্ধার ফুলছড়িতে পৃথক ধর্ষণের ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তকে আটকের ঘটনা ঘটেছে। দুই ঘটনাতেই ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের চুচুয়া পূর্বপাড়া এলাকায় অন্তঃসত্ত্বা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রেনু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, গত ২৬ এপ্রিল ভুক্তভোগী নারী তার দুই বছরের শিশুকে নিয়ে বাসায় একা ছিলেন। এ সময় অভিযুক্ত রেনু মিয়া ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ব্যবহার করে তাকে ধর্ষণ করেন। অভিযোগ রয়েছে, এ ঘটনায় ভুক্তভোগীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
ফুলছড়ি (গাইবন্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে অষ্টম শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে কিশোরীটি বাড়িতে একা থাকাকালে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে চিকিৎসা শেষে গ্রেফতার দেখানো হবে।



