ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরো শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ব্যাংক ও বীমা সেবার সমন্বিত সুবিধা আরো কার্যকরভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ সম্প্রতি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ পূবালী ব্যাংক পিএলসির ৯ জন কর্মকর্তাকে ‘বর্ষ সেরা’ পদক এবং ৩৩ জন কর্মকর্তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় সফল কর্মকর্তাদের কাজের স্বীকৃতি প্রদান, ব্যাংকাস্যুরেন্স ব্যবসার অগ্রগতি ও অর্জন পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন ডেল্টা লাইফের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন- ডেল্টা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিল্টন বেপারী এবং পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো: ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



