কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। একই সাথে তারা শোকসন্তপ্ত রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
এক যৌথ শোকবার্তায় তারা বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর এক দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫-২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বাংলাদেশের প্রতিও তার আন্তরিক সহযোগিতা ও অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরো উল্লেখ করেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির কাতার সেন্ট্রাল লাইব্রেরি ভবন নির্মাণে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি বিভিন্ন মূল্যবান গ্রন্থ প্রদান করেন, যা আজও উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিজ্ঞপ্তি।



