মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প

সারা দেশে ৩৪ লাখ ৩৬ হাজার বই বিতরণ

Printed Edition
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা  কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের বই বিতরণ উদ্বোধন করেন  : পিআইডি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের বই বিতরণ উদ্বোধন করেন : পিআইডি

আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটি পাস করাতে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ৩৬ হাজার ৭০৪টি বই বিতরণ করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পটি পাস করানোর জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিন-রাত অকান্ত পরিশ্রম করেছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে এ প্রকল্পটি পাস করাতে হয়েছে। এ প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এবং ধর্ম সচিব মো: কামাল উদ্দিন।

আলেমদের কল্যাণে গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদেরকে পিএইচডি স্কলারশিপ দেয়া হবে। ইসলামী বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে এমন ইমাম ও আলেম-ওলামারা এ স্কলারশিপ পাবেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামী বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে এ স্কলারশিপ প্রদান করা হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া, সারা দেশে ইসলামের খেদমতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদেরকে চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা।

ড. খালিদ বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদকে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চারটি মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র দেয়া হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে দাওরায়ে হাদিস সনদধারীদেরকে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে। এ ছাড়া, এ সনদধারীদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দফতর-সংস্থার খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে পদায়নের বিষয়ে প্রধান উপদেষ্টার সাথেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জনবল নিয়োগে কোনোরূপ স্বজনপ্রীতি ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, যতক্ষণ আমরা দায়িত্বে আছি ততক্ষণ দায়িত্বশীলতার সাথে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে কাজ করে যাবো। অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এবং বিধিবিধান অনুসারে নিয়োগ, পদোন্নতিসহ সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এ প্রকল্পের চলতি মেয়াদে পর্যায়ক্রমে এক কোটি ৪৫ লাখ ৮১ হাজার ২০০ জনকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং পবিত্র কুরআন মাজিদসহ প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে।