চট্টগ্রামে পোশাক শ্রমিক অসন্তোষ,সড়ক অবরোধ-বিক্ষোভ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চার মাসের বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অক্সিজেন-মুরাদপুর সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়ে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা পরিশোধ করছে না। বর্তমানে চার মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করা হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন।

শ্রমিকদের অভিযোগ, বেতন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। নিয়মিত কাজ করেও সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হলেও কার্যকর সমাধান হয়নি বলে দাবি তাদের।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্ট শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। একই সাথে তাদের অন্যান্য ন্যায্য দাবিও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।