কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলায় পল্লী বিদ্যুতের পূর্ণাঙ্গ জোনাল অফিস না থাকায় হাজার হাজার গ্রাহক দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়ভাবে কেবল একটি ছোট ‘এরিয়া অফিস’ বা অভিযোগ কেন্দ্র থাকায় সামান্য সেবা পেতেও গ্রাহকদের যেতে হচ্ছে জেলা সদরের জোনাল অফিসে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় ৩০ হাজারের বেশি বিদ্যুৎ গ্রাহক থাকলেও নতুন সংযোগ, মিটারের নাম পরিবর্তন, বিল সংশোধন কিংবা বড় ধরনের ত্রুটি মেরামতের জন্য প্রায় ২০ কিলোমিটার দূরের পিরোজপুরের হুলারহাট জোনাল অফিসে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে।
কাউখালীবাসীর দাবি, দ্রুত সেবার মানোন্নয়ন ও ভোগান্তি কমাতে উপজেলায় একটি পূর্ণাঙ্গ জোনাল অফিস স্থাপন জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।



