নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী আজ। তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দোয়া, আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে মরহুমের রূহের মাগফিরাত কামনায় সন্ধ্যা সাড়ে ৭টায় মরহুমের ধানমন্ডির মাহবুব ভবনে দোয়ার আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান ও তাকওয়া জামে মসজিদ, আজিমপুর দায়রা শরিফ মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, হাইকোর্ট মাজার মসজিদ এবং ভাসানটেকের বাইতুল মোয়াল্লা জামে মসজিদসহ রাজধানীর ২২টি মসজিদে বাদ জোহর ও আসর বিশেষ দোয়া করা হবে। একই সাথে বাউনিয়াবাদস্থ জামিয়া কুরআনিয়া তালিমিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা, ভাসানটেক ক্যান্টনমেন্টের জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদরাসা এবং সোনারগাঁওয়ের সদরদী খানবাড়ি দারুল কুরআন হাফেজিয়া মাদরাসাসহ বিভিন্ন এতিমখানায় কুরআন খতম ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মরহুমের জন্মভূমি সিলেটজুড়েও পালিত হবে নানা কর্মসূচি। সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবন, পারিবারিক জামে মসজিদ, লতিফিয়া হাফেজিয়া মাদরাসা এবং সিলামস্থ জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদরাসায় পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে দোয়া ও তোবারক বিতরণ করা হবে। অন্য দিকে বাদ আসর পর হজরত শাহজালাল রহ: ও হজরত শাহপরান রহ: দরগাহ মসজিদে পরিবারের পক্ষে খতমে কুরআন, দোয়া ও খাবার বিতরণ করা হবে। এর পাশপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও মিলাদ, দোয়া ও শিরনি বিতরণের কর্মসূচি রয়েছে।
অন্য দিকে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ, গাবতলী অন্ধ এতিমখানা এবং জামালপুরের দুরমুটে হজরত শাহ্ কামাল রহ:-এর মাজারে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ দিন তার স্মরণে নানা আয়োজন রয়েছে। পবিত্র কাবা শরিফ তাওয়াফ এবং মদিনা শরিফে মরহুমের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদে সকালে কুরআন খতম ও বাদ জোহর দোয়া এবং বিকেলে রিজেন্ট লেক হলে স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও ফ্লোরিডার বিভিন্ন ইসলামিক সেন্টারে দোয়া এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর, পেনাং ও বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদসহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় দিনব্যাপী কুরআন খতম ও খাদ্য বিতরণ করা হবে। চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের কেন্দ্রীয় মসজিদগুলোতেও আজ বিশেষ মুনাজাত করা হবে।
উল্লেখ্য, ১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমার বিরাহীমপুরে জন্মগ্রহণ করেন মাহবুব আলী খান। ১৯৫২ সালে পাকিস্তান নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। পরে ব্রিটেনের ডার্টমাউথ রয়্যাল নেভাল কলেজ থেকে প্রশিক্ষণ নেন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে ফিরে নবগঠিত বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালনকালে শাহজালাল সেতু, লামাকাজী সেতু ও শেওলা সেতুসহ সিলেট অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হয়। কৃষিমন্ত্রী হিসেবে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেন।
১৯৮৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম তদারকি শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরদিন ৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।



