জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের শিক্ষার্থী নেয়ামত উল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর বাধা দিয়েছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় নেয়ামত উল্লাহ গুরুতর আহত হন। হামলায় তার চোয়াল ভেঙে যায় এবং সাতটি দাঁত স্থানচ্যুত হয় বলে সহপাঠীরা দাবি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
মানববন্ধনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, একজন শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার পর হাসপাতালে নেয়া হলেও তিনি নিরাপদ ছিলেন না। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো: নঈম আক্তার সিদ্দিকী শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, আহত সহপাঠীর বিচার ও নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেও প্রশাসনের বাধার মুখে পড়তে হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ হামলার পরও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেয়ায় ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে।
কর্মসূচি থেকে নেয়ামত উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।



