ক্রীড়া ডেস্ক
মিসরের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বেলজিয়াম। পরের ম্যাচে কেভিন ডি ব্রুইনা-রোমেলু লুকাকুদের গোলশূন্যভাবে রুখে দিয়েছিল এশিয়ার দেশ ইরান। বিশ্বকাপের নিজেদের প্রথম দুই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলের আক্রমণভাগ ও বয়স্ক খেলোয়াড়দের নিয়ে তীব্র সমালোচনা করেছিল বেলজিয়ান গণমাধ্যম। দেশটির জনপ্রিয় গণমাধ্যম আক্রমণভাগের খেলোয়াড়দের ‘বৃদ্ধাশ্রম’ বলে কটাক্ষ করে। দলের কোচ রুডি গার্সিয়া তার অভিজ্ঞ খেলোয়াড়দের ‘ভেটেরান’ বা বয়োবৃদ্ধ বলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি গণমাধ্যমের এই সমালোচনাকে ‘কুরুচিপূর্ণ’ বা ‘আগলি’ অ্যাখ্যা দেন এবং বলেন, মাঠে খেলেই তারা এর জবাব দেবেন। প্রথম দুই ম্যাচে গতিহীন ধারার সমালোচনার পর তৃতীয় ম্যাচে নিউজল্যান্ডের জালে পাঁচবার বল পাঠিয়ে জি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে জবাবটা দিয়েছে বেলজিয়ামের ফুটবলাররা।
নিউজিল্যান্ডের সাথে ধারে-ভারে কোনোভাবেই তুলনা চলে না বেলজিয়ামের। তবে ম্যাচের আগে কোচ রুডি গার্সিয়ার দিকে আঙুল উঠছিল, এই বুড়িয়ে যাওয়া দলটা আদৌ কিছু করতে পারবে? জবাবটা দিলেন ‘বুড়োরাই’। ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা পেয়েছেন বাঁ পায়ের সেই পুরোনো ডি ব্রুইনাকে মনে করিয়ে দেয়া দারুণ এক গোল। ৩৩ বছর বয়সী লুকাকু বদলি হিসেবে মাঠে নামার পর ফার্স্ট টাচেই হেড করে পেয়েছেন গোল। এই জয়ে সবচেয়ে বড় যার অবদান, সেই লিয়ান্দ্রো ট্রোজার্ড ঠিক অবশ্য ‘বুড়ো’ নন, তবে তারও বয়স ৩১ হয়ে গেছে। আর বেলজিয়ামের হয়ে শেষ গোলটি করেছেন ২৭ বছর বয়সী অ্যালেক্সিস স্যালেম্যাকার্স। সব মিলে বড় জয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে মিসরকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে বেলজিয়াম।
ইরান-মিসরের বিপক্ষে যে বেলজিয়ামকে খুঁজে পাওয়া যায়নি, ম্যাচ শেষে বেলজিয়াম কোচ গার্সিয়ার কণ্ঠে সেই বেলজিয়ামকে খুঁজে পাওয়ার তৃপ্তি, ‘বুড়োরাই আজ (গতকাল) দেখিয়েছে। আমাদের ৪ গোলের ব্যবধানটা আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। তবে মনে রাখতে হবে, এখনো কিছুই জিতিনি আমরা।’
গার্সিয়া বলেন, এখনো পুরো ছন্দে আসেনি তার দল, ‘আমরা বলতে পারছি না যে এখনো সেরা ফর্মে আছি। তবে আমরা সেই পথেই আছি, ছন্দটা খুঁজে পাচ্ছি। দেখা যাক আমরা পরের পর্বে কাদের বিপক্ষে খেলি, তবে টুর্নামেন্টে প্রথম জয়টা আমাদের দরকার ছিল।’
বেলজিয়ামের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপে তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ নিউজিল্যান্ডের। ইরানের বিপক্ষে একই সময় শুরু হওয়া ম্যাচে ১-১ গোলে ড্র করে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে রানার্সআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে ৮ বছর পর ফেরা মিশর। আর তিন ম্যাচে তিন ড্রতে ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকতে হলো মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে।



