দেশের জার্সিতে মোস্তাফিজের ১১

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

২০১৫ সালের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। সে হিসেবে দেশের জার্সিতে ১১ বছর পার করলেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ এ পথচলায় তৃপ্ত এই সাতক্ষীরা এক্সপ্রেস।

পাকিস্তানের বিপক্ষে টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন মোস্তাফিজ। প্রথম ম্যাচেই দুর্দান্ত সব কাটার এবং স্লোয়ারে বিশ্ব ক্রিকেটে আগমনী বার্তা দেন। একই বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যাপ পরেন। নিজের খেলা প্রথম দুই ওয়ানডেতেই পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৫ টেস্ট, ১২০ ওয়ানডের পাশাপাশি ১২৬ টি-২০ খেলেছেন মোস্তাফিজ। বল হাতে নিয়েছেন যথাক্রমে ৩১, ১৮৭ ও ১৫৮ উইকেট।

বেশ কিছু রেকর্ড আছে তার নামের পাশে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পথে সবশেষ ওয়ানডেতে ৪৩ রানে ৫ উইকেট নেন। এ নিয়ে এই সংস্করণে বাঁহাতি পেসারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। এই রেকর্ডে মোস্তাফিজের সাথে আছেন ওয়াসিম আকরাম এবং ট্রেন্ট বোল্ট। টি-২০তে সবচেয়ে বেশি ডট দেয়ার রেকর্ড কাটার মাস্টারের দখলে।

দারুণ বোলিংয়ের সুবাদে বিশ্বের নামীদামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএল টি-২০, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ভাইটালিটি ব্লাস্টে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেট ১১ বছর পূর্তি উপলক্ষে ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করে মোস্তাফিজ ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! গর্বের সাথে এই জার্সি পরে ১১ বছরের পথচলা। এটা ছিল ত্যাগ আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা এক যাত্রা। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি দেশের জন্য সর্বোচ্চটা দিতে পারি এবং আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই।’