আইআইইউসিতে ক্যান্সার নিয়ে সেমিনার

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ক্যান্সার, ডেটা, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, টেকনোলজি, এথিক্স অ্যান্ড ফিউচার অব গ্লোবাল হেলথ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ডানা-ফারবার ইনস্টিটিউটের ক্যান্সার ডেটা ও কম্পিউটেশনাল গবেষক আহমেদ সাজিদান জারজিস রাফসান।

সেমিনারে প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, ক্যান্সার মানব ইতিহাসের অন্যতম মারাত্মক ও জটিল দুরারোগ্য ব্যাধি। চিকিৎসার আধুনিক অগ্রগতি সত্ত্বেও এই রোগের জটিলতা ও চিকিৎসাসংক্রান্ত চ্যালেঞ্জ আজও মানুষকে গভীরভাবে ভাবিয়ে তোলে। ক্যান্সারের চিকিৎসার সফলতা মূলত নির্ভর করে এটি কোন ধাপে শনাক্ত হচ্ছে তার ওপর। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলার যথেষ্ট সুযোগ থাকে। তবে রোগটি যদি ছড়িয়ে পড়ে ‘সেকেন্ডারি কার্সিনোমা’য় পৌঁছে যায়, তখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। তাই আমাদের আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, সচেতন হতে হবে যে আমরা এই পৃথিবীতে আসছি চিরদিনের জন্য নয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য, খুবই সীমিত সময়ের জন্য। এখানে আমরা আসছি সৃষ্টিকর্তার ইচ্ছায়, যাবও সৃষ্টিকর্তার ইচ্ছায়। মাঝখানের সময়টুকু হলো পরীক্ষার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো: রাজু আহমেদ। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি।