খুবি প্রতিনিধি
যৌন হয়রানি, বিচারহীনতা ও সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের সপ্তম দিনেও গতকাল ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাতে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় মশাল প্রজ্বলন ও প্রতিবাদী গণসঙ্গীতের আয়োজন করা হয়।
রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে তারা নিরাপদ ক্যাম্পাস, ন্যায়বিচার এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান। প্রায় রাত ১০টা পর্যন্ত কর্মসূচি চলে।
মশাল প্রজ্বলন শেষে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ খান বলেন, আজকের (সোমবার) গণসঙ্গীত কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে চলমান যৌন হয়রানি, বিচারহীনতা ও সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উচ্চারণ করা। ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। দাবি আদায়ে প্রয়োজন হলে আগামী দিনগুলোতেও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং বিজয় ’২৪ হলের এক ক্যানটিন কর্মীর বিরুদ্ধে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগের বিচার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। পরে রোববার সকালে তালা খুলে দেয়া হলেও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরো সাহস পায়। আমরা চাই দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।



