মাদককারবারির তথ্য দিলে পুরস্কার ঘোষণা জামায়াত এমপির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিলে তথ্যদাতাকে নিজের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়তে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে।

গতকাল মঙ্গলবার বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ বলেন, জাতীয় সংসদে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিবর্তে মাদক নির্মূল অধিদফতর গঠনের প্রস্তাব দিয়েছি। তার ভাষ্য, মাদক নিয়ন্ত্রণের পরিবর্তে মাদক নির্মূলের মাধ্যমে দেশে মাদক কেনাবেচা পুরোপুরি বন্ধ করা প্রয়োজন।

তিনি আরো বলেন, বাউফলকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে কেউ মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিলে তাকে নিজের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।