শহীদ তুরাবের কবর জিয়ারত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত : ডা: শফিক

Printed Edition
সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত
সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো ও বিয়ানীবাজার সংবাদদাতা

চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সিলেটের রাজপথে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি। রোববার সকালে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে তিনি দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ তুরাবের কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করেন।

জিয়ারত শেষে শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডা: শফিকুর রহমান। এ সময় তিনি তুরাবের বড় ভাই আবু আজরফ মো: জাবুরসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিরোধীদলীয় নেতা বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শহীদ হওয়ার দুই বছর পার হলেও এখন পর্যন্ত তার হত্যার বিচার কার্যক্রম শুরু হয়নি। শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার না হলে ভবিষ্যতে তুরাবের মতো সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তৈরি হবে না। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা জরুরি।

তিনি বলেন, আমরা সাংবাদিক তুরাবের হত্যার বিচারের দাবি জোরদার করব। এর বিচার হতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তুরাব হত্যার বিচার হওয়া উচিত। আমরা জানি না এই সরকার তুরাব হত্যার বিচার করবে কি না। তবে শেষ বিচারের দিনে অবশ্যই তুরাব ন্যায়বিচার পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, জেলা জামায়াত নেতা মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, নায়েবে আমির সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন এবং উপজেলা সহকারী সেক্রেটারি রুকন উদ্দিন।

উল্লেখ্য, শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতের আগে ডা: শফিকুর রহমান তার শ্বশুর মরহুম ডা: আজিজুর রহমানসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।