আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেছেন, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিকেই চূড়ান্ত সাফল্য মনে করা উচিত নয়। ভবিষ্যতের লক্ষ্য অর্জনে বিশেষ করে ইন্টারমিডিয়েটের দুই বছরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ‘এ প্লাস সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এস এম ফরহাদ বলেন, জিপিএ ৫ অর্জনের পর আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা কঠিন হওয়ায় শিক্ষার্থীদের শুরু থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোন ব্যবহারে সময় নষ্ট না করে প্রযুক্তিকে শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে। পড়াশোনার জন্য নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সূচি তৈরি করে নিয়মিত অধ্যয়নের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারিবারিক আর্থিক সংকট বা প্রতিকূল পরিবেশ সফলতার পথে বাধা নয়। এসব প্রতিকূলতাকে এগিয়ে যাওয়ার প্রেরণায় পরিণত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার সেক্রেটারি আবুল হাসান ও ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিমসহ স্থানীয় নেতারা।



