নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

Printed Edition

নাটোর প্রতিনিধি

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে দীর্ঘ ৩৪ বছর পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদান শেষে অধ্যাপক ইউনুস আলী সাংবাদিকদের বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী; এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে।

অধ্যাপক ইউনুস বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে; এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।