শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এক সিনিয়র সচিব। তার ব্যক্তিগত উদ্যোগে দেয়া একটি গরু গত বুধবার পরিবারের হাতে তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহতের পরিবারের কাছে গরুটি হস্তান্তর করেন। এ সময় থানার ওসি শাহীনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও জিয়াউর রহমান বলেন, একজন সিনিয়র সচিব ব্যক্তিগত উদ্যোগে গরুটি দিয়েছেন। পরিবারের ভবিষ্যৎ আয়ের কথা বিবেচনা করেই এ সহায়তা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম নিহত হন। এরপর নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা দেয়া হলো।



