ঝিনাইদহ প্রতিনিধি
দুই বছরের মাইমুনা তার মস্তিষ্কে অসহনীয় যন্ত্রণায় বহন করে বেড়াচ্ছে ১২ কেজি ওজনের পানি। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের শিশু মাইমুনা জন্মগতভাবে হাইড্রোসেফালাস (মাথায় অতিরিক্ত পানি জমা) রোগে আক্রান্ত। তার শরীরের মোট ওজন ১৫ কেজি, যার মধ্যে প্রায় ১২ কেজিই মাথায় জমে থাকা পানির ওজন।
মাইমুনার বাবা সম্রাট হোসেন পেশায় একজন সাইকেল মিস্ত্রি। অল্প আয়ে কোনো রকমে সংসার চললেও মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠছে না। পরিবারে রয়েছে আরো একটি কন্যাসন্তান।
স্থানীয় মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডা: আনসার উদ্দিন আহমেদের মতে, দ্রুত অস্ত্রোপচার ও যথাযথ চিকিৎসা করানো গেলে মাইমুনা সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য প্রয়োজন কমপক্ষে তিন লাখ টাকা।
অসহায় মা-বাবা তাই সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, সবার সহায়তাই হয়তো মাইমুনার জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে সুস্থ সুন্দর শৈশবের আলো।



