ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। কয়েক সপ্তাহ আগেই তিনি ২০২৬ ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই খেলেন অ্যাডামস। তার দল প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে স্বাগতিক কানাডার কাছে হেরে বিদায় নেয়।
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে কেপটাউনের স্কটসচেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে অ্যাডামসের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা হয়নি।
দেশটির ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। একই সাথে তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষকে মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা না করার আহ্বান জানান। ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হওয়া অ্যাডামস ক্লাব ক্যারিয়ার শুরু করেন স্টেলেনবশ এফসিতে। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোদি সানডাউন্সে যোগ দেন এবং সেখানে লিগ ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, অ্যাডামসের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবার, সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।



