ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সড়ক মেরামতকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। মোড়লবাড়ি মোড় থেকে এক্সিলেন্স সিরামিক্স পর্যন্ত প্রায় ৩০০ মিটার কার্পেটিং সড়কের বড় বড় গর্ত এইচবিবি (ইটের খোয়া) দিয়ে মেরামত করা হচ্ছে। টিআর প্রকল্পের আওতায় এ কাজের জন্য সাড়ে চার লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও মোড়লবাড়ি মোড় থেকে চটানপাড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন কারখানার শ্রমিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ এবং মালবাহী ভারী যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মেরামতকাজের প্রাক্বলনে গর্তে প্রথমে ভালো মানের ইটের সলিং এবং পরে তার ওপর এইচবিবি দেয়ার কথা থাকলেও বাস্তবে সলিং ছাড়াই শুধু এইচবিবি দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। তাদের আশঙ্কা, ভারী যানবাহন চলাচলের কারণে এভাবে মেরামত করা অংশ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
কাজের মিস্ত্রি নুরুল ইসলাম বলেন, তাকে সলিং ছাড়াই এইচবিবি করার নির্দেশ দেয়া হয়েছে। তাই তিনি সলিং ছাড়াই কাজ করছেন।
প্রকল্পের সভাপতি হিসেবে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমানের নাম উল্লেখ করা হলেও তিনি বলেন, তিনি প্রকল্পের সভাপতি নন। তাকে শুধু শ্রমিক সরবরাহ করতে বলা হয়েছে। প্রকল্পের সভাপতি কে, তা তার জানা নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম বলেন, সাড়ে চার লাখ টাকায় সড়কের গর্তগুলো ডাবল লেয়ারে মেরামত করার কথা। হবিরবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান প্রকল্প কমিটির সভাপতি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন। সিঙ্গেল লেয়ারে মেরামতের বিষয়টি তার জানা নেই।
তিনি আরো বলেন, কাজটি গত ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। ইতোমধ্যে অর্ধেক বিল পরিশোধ করা হয়েছে। কাজ শেষে প্রাক্বলন অনুযায়ী যাচাই করে চূড়ান্ত বিল দেয়া হবে।



