হজের বিমান ভাড়া

সিন্ডিকেট লুটে নিয়েছে কোটি কোটি টাকা

আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে হজের বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। কিন্তু পরের বছর ২০২৩ সালে হজের বিমান ভাড়া এক লাফে সাড়ে ৫৭ হাজার টাকা বাড়িয়ে করা হয় এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। ২০২৪ সালে হাব নেতাদের বারবার আপত্তির মুখে সেই ভাড়া মাত্র তিন হাজার টাকা কমে হয় এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের হজে বিমান ভাড়া ২৭ হাজার টাকা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকায় আনা হয়। ২০২৬ সালের হজে অন্তর্বর্তী সরকার আরো ১২ হাজার টাকা কমিয়ে বিমান ভাড়া নির্ধারণ করে এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সম্প্রতি আগামী ২০২৭ সালের হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে বিমান ভাড়া ধরা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। এতে গত বছরের চেয়ে বিমান ভাড়া কমেছে ২৪ হাজার ৮৩০ টাকা।

খালিদ সাইফুল্লাহ
Printed Edition

এ বছর হজের বিমান ভাড়া ধরা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। যা গত হজের থেকে ২৪ হাজার ৮৩০ টাকা কম। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে এই বিমান ভাড়া উঠেছিল প্রায় এক লাখ ৯৮ হাজার টাকা। ফলে সেখান থেকে বর্তমান বিমান ভাড়ার পার্থক্য প্রায় ৬৮ হাজার টাকা। তবে বিমান ভাড়া মাত্র ৯৮ হাজার টাকা নেয়া সম্ভব বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। তারা এবার সরকারকে প্রস্তাবও দিয়েছিল এই ভাড়ায় হজযাত্রী পরিবহনের। তাদের সে অনুমতি না দিলেও হজের বিমান ভাড়া যে এতদিন প্রায় দ্বিগুণ আদায় করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে তা অনেকটা প্রকাশ্যে এসেছে। এ ছাড়া ওমরাহর সময় বিমান ভাড়া রাখা হয় আরো কম মাত্র ৬৫ থেকে ৮৫ হাজার টাকা। বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, হজের বিমান ভাড়া নিয়ে এতদিন একটি সিন্ডিকেট কাজ করত। এবার সেই সিন্ডিকেট ভেঙে দেয়ায় ভাড়া কমানো সম্ভব হয়েছে। এ অবস্থায় ওই সময়ে এত বেশি ভাড়া নিয়ে কোটি কোটি টাকা লুটে নেয়া সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে হজের বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। কিন্তু পরের বছর ২০২৩ সালে হজের বিমান ভাড়া এক লাফে সাড়ে ৫৭ হাজার টাকা বাড়িয়ে করা হয় এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। ২০২৪ সালে হাব নেতাদের বারবার আপত্তির মুখে সেই ভাড়া মাত্র তিন হাজার টাকা কমে হয় এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের হজে বিমান ভাড়া ২৭ হাজার টাকা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকায় আনা হয়। ২০২৬ সালের হজে অন্তর্বর্তী সরকার আরো ১২ হাজার টাকা কমিয়ে বিমান ভাড়া নির্ধারণ করে এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সম্প্রতি আগামী ২০২৭ সালের হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে বিমান ভাড়া ধরা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। এতে গত বছরের চেয়ে বিমান ভাড়া কমেছে ২৪ হাজার ৮৩০ টাকা। আর ২০২২ সালের তুলনায় কমেছে ১০ হাজার টাকা। ২০২৩ সালের তুলনায় কমেছে ৬৮ হাজার টাকা। ২৪ সালের তুলনায় ৬৫ হাজার টাকা এবং ২৫ সালের তুলনায় কমেছে ৩৭ হাজার টাকা। ডলারের দাম বাড়ার পরও ২০২৩ সালের তুলনায় ক্রমেই বিমান ভাড়া কমেছে। ফলে সহজেই অনুমেয় যে আওয়ামী সরকারের সময়ে হজে বিমান ভাড়ার নামে দেশের ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নিয়েছে বাংলাদেশ বিমানে গড়ে ওঠা সিন্ডিকেট।

বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম গত শনিবার হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জানিয়েছেন, হজের বিমান ভাড়া নিয়ে এতদিন একটি সিন্ডিকেট কাজ করত। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। এ কারণে এবার বিমানের ভাড়া কমানো সম্ভব হয়েছে। এ অবস্থায় ওই সময়ে এত বেশি ভাড়া নিয়ে কোটি কোটি টাকা লুটে নেয়া সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বেশ জোরালো হয়ে উঠেছে।

হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ জানান, বিমানের ব্যবস্থাপনা খরচ অনেক বেশি। এ খরচ ওঠাতে তারা বিমান ভাড়া বেশি নেন বলে জানান।

বেসরকারি হজ এজেন্সি মালিক মাহমুদুর রহমান বলেন, বিমান ভাড়া এত কমে যাওয়ায় প্রমাণ হয় এতদিন কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এজন্য বিমান পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে তিনি বলেন, বিমান সারা বছর ব্যবসা করতে পারে না। তারা তাদের সেই লস হজের সময় দেশের ধর্মপ্রাণ হাজীদের কাছ থেকে জোরপূর্বক বেশি করে নিয়ে পূরণ করে। তিনি সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, যখন ডলার মূল্য এক শ’ টাকা ছিল তখন বিমান ভাড়া ছিল প্রায় দুই লাখ টাকা। আর এখন ডলার মূল্য ১২৫ টাকা। অথচ বিমান ভাড়া হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। এবার সব খরচ হিসাব করেই বিমান ভাড়া নির্ধারণ করেছে মন্ত্রণালয়। বিমান ভাড়া যে কম রাখা যায় তা এই সরকার প্রমাণ করেছে। এবার বিমান ভাড়া প্রায় ২৫ হাজার টাকা কমানো হয়েছে। এই হিসেবে দেখা যায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় এ দেশের সাধারণ হাজীদের থেকে শত শত কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে, তাদের পকেট কাটা হয়েছে। সারা দেশ থেকে দাবি উঠেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। এত দিন বেশি টাকা নেয়ার সাথে কারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।