নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ওপর সীমানা প্রাচীর ধসে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা আনুমানিক দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রয়কারী একটি ট্রাকের সামনে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন নি¤œবিত্ত মানুষ। এ সময় হঠাৎ করে কলেজের ১০ থেকে ১২ ফুট উচ্চতার পুরনো সীমানা প্রাচীরটি দাঁড়িয়ে থাকা মানুষের ওপর ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
নিহতদের মধ্যে নাছিমা বেগম নামে এক নারী রয়েছেন, যিনি মিরপুর-২ নম্বর এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা ছিলেন। নিহত অন্যজন আনুমানিক ৪০ বছর বয়সী একজন পুরুষ, যার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তরে তিনি রিকশাচালক ছিলেন বলে জানা যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন গুরুতর আহত মোছা: রাজিয়া বেগমের (৫৫) জামাতা মোহাম্মদ রুবেল জানান, তার শাশুড়ি টিসিবির পণ্য নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় মিরপুর কলেজের দেয়াল ধসে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। রাজিয়া বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে সামান্য কম মূল্যে তেল, চিনি বা ডাল কিনতে গিয়ে এ ধরনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। জরাজীর্ণ ও পুরনো দেয়ালের পাশ দিয়ে সাধারণ মানুষের চলাচল বা লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বা প্রশাসনের আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এই অনাকাক্সিক্ষত মৃত্যুর দায়ভার কে নেবে, এখন সেই প্রশ্নই তুলছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টিসিবির পণ্য বিক্রির সময় সড়কে প্রচুর ভিড় ছিল। দেয়ালটি কেন ধসে পড়ল এবং এর পেছনে কারো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।



