ভালুকের ছদ্মবেশে কৃষক!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

আলু এবং স্ট্রবেরির চাষ করেন তরুণ কৃষক; কিন্তু ক্ষেত থেকে এক মুহূর্তের জন্য নজর সরালেই সর্বনাশ হয়ে যায় তার। বাঁদরের দল ঢুকে আলু এবং স্ট্রবেরি খেয়ে ফেলে, ফসল নষ্ট করে চলে যায়। কৃষকের অভিযোগ, বাঁদরের উৎপাতে ফসল রক্ষা করতে নাকানিচোবানি অবস্থা তার। তিনি একা নন, এলাকায় যত কৃষক রয়েছেন সবার অবস্থা একই। তাই বাঁদরের হাত থেকে ফসল বাঁচাতে ভালুকের ছদ্মবেশ ধারণ করেছেন তিনি। ক্ষেতের মধ্যে ভালুক সেজে ঘুরে বেড়ান সেই কৃষক। তার ভয়ে বাঁদরের দলের টিকিও দেখা যায় না।

এ ঘটনাটি সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজপুর গ্রামে ঘটেছে। তরুণ চাষির নাম ধর্মবীর। এলাকায় যে হঠাৎ করে বাঁদরের উৎপাত বেড়ে গিয়েছে তা নিয়ে অভিযোগ জানান তিনি। ধর্মবীর বলেন, ‘এলাকায় মনে হয় ১০০টির বেশি বাঁদর রয়েছে। শুধু আমার একার ফসলের ক্ষতি হচ্ছে না। সবার হচ্ছে। আলু, স্ট্রবেরি খেয়ে ফসল নষ্ট করে চলে যাচ্ছে।’

কৃষক জানান, ভালুকের ছদ্মবেশ কিনতে চার হাজার টাকা খরচ হয়েছে ঠিকই; কিন্তু ফসল যে রক্ষা করতে পারছেন তা ভেবেই শান্তি পাচ্ছেন তিনি। ধর্মবীরের পাশাপাশি এলাকার আরো দু-তিনজন কৃষক বাঁদর তাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করেছেন। কিন্তু এটি কোনো চূড়ান্ত সমাধান নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই সমস্যা দেখে উপযুক্ত পদক্ষেপ নেয় সেই আশা রাখছেন ধর্মবীর।

মনোজ কুমার নামে বন বিভাগের এক স্থানীয় কর্মী এই প্রসঙ্গে বলেন, ‘বাঁদর ভয় পেয়ে এক এলাকা থেকে পালিয়ে গেলেও অন্য এলাকায় চলে যাবে। ভালুকের ছদ্মবেশে ঘুরে বেড়ানো তো চূড়ান্ত সমাধান নয়। বন বিভাগের তরফে বাঁদরগুলোকে ধরে যদি জঙ্গলে ছেড়ে দেয়ার পদক্ষেপ নেয়া যায়, তা হলে এই সমস্যার সমাধান হতে পারে।’