নিজস্ব প্রতিবেদক
৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহ্বানে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় মহানগরীর কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লং মার্চ বাস্তবায়নে বিভাগভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও দায়িত্ব বণ্টন করা হয়।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ১১ দলের গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি সরকার যত দ্রুত মেনে নেবে, ততই কল্যাণকর হবে। তা না হলে এ দেশের জনগণকে সংগঠিত করে দাবিগুলো বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। তিনি লং মার্চ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা: ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার প্রমুখ।
এর আগে শনিবার রাতে রাজধানীর উত্তরার জমজম কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে সেলিম উদ্দিন বলেন, সৎ, যোগ্য ও ধার্মিক মানুষকে নেতৃত্বের দায়িত্ব দেয়া গেলে দেশের বর্তমান বেহাল অবস্থার পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, আগামী দিনের ঢাকা উত্তরকে নাগরিক সুবিধায় পরিপূর্ণ, পরিচ্ছন্ন, আধুনিক ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেয়া হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে একটি ডিজিটাল অ্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে নগরবাসী বিভিন্ন প্রয়োজনীয় সেবা পাবেন এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা তাদের বাসায় পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সেলিম উদ্দিন বলেন, বিভিন্ন এলাকায় বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে মানবসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। নগর উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে সদিচ্ছা, সততা ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব। এর মাধ্যমে শিল্পকারখানা গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। বর্জ্য থেকে পরিবেশবান্ধব কলম তৈরি করে তা প্রমাণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকার বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা নগরীর নেতৃত্বে আসার সুযোগ পেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হবে, ইনশাআল্লাহ। আগামী সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন পেলে নাগরিক সুবিধায় পরিপূর্ণ, পরিচ্ছন্ন, আধুনিক ও সমৃদ্ধ ঢাকা উত্তর গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ নেয়া হবে।
সুধী সমাবেশে উত্তরা পশ্চিম থানা আমির মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ও জোন পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং উত্তরা পূর্ব জোন পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, জোন সহকারী পরিচালক ও মহানগরী মজলিসে শূরা সদস্য মাহবুবুল আলম মুকুল, জামায়াতের আন্তর্জাতিক বিভাগের সদস্য আলী আহমেদ মাবরুর, উত্তরা জোন টিম সদস্য সাইদুর রহমান মোল্লা, ৫১ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক মঞ্চ মনোনীত কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ মো: সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া, থানা নায়েবে আমির মকবুল হোসেন খান, হাবিব উল্লাহ মুহাম্মদ ইকবাল, থানা কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



