গবেষণার মাধ্যমে ইসলামের প্রায়োগিক বিধানগুলোর কল্যাণ তুলে ধরতে হবে : ইবি ভিসি

Printed Edition
এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্ট্যাডিজের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা
এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্ট্যাডিজের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা

রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ল’ রিসার্চ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। ইসলামী ও আরবি বিষয়ে গবেষণায় আগ্রহী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের অংশগ্রহণে এ কোর্সটি পরিচালিত হয়েছে।

১০ সপ্তাহব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে গবেষণার মৌলিক ধারণা, গবেষণা প্রবন্ধ রচনার কৌশল ও প্রকাশনা এবং গবেষণা প্রস্তাবনা লিখন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ।

ড. মোহাম্মদ নাছের উদ্দিনের পরিচালনায় ও সেন্টারের নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল সেক্রেটারি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোর্সের কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানি। প্রধান অতিথি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী জ্ঞান-গবেষণায় গবেষণা পদ্ধতির প্রয়োগ বর্তমান সময়ের অনিবার্য দাবি। আর্থ-সামাজিক পরিমণ্ডলে ইসলামের প্রয়োগ, জ্ঞানের জগতে নতুন জ্ঞানসৃজন, মানবতার কল্যাণ এবং একাডেমিক ক্ষেত্রে প্রবন্ধ, এম ফিল ও পিএইচডি অভিসন্দর্ভ রচনায় ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’ অসামান্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, ইসলামী আইন তথা ইসলামী শরিয়াহর কার্যকারিতা ও সর্বজনীন কল্যাণ সম্পর্কে গণমানুষের ধারণা ও জ্ঞান সমৃদ্ধ করতে হলে তাত্ত্বিক ও প্রায়োগিক গবেষণা জোরদার করতে হবে। এর মাধ্যমে ইসলামী আইন সম্পর্কে মানুষের ভুল ধারণা দূরীভূত হবে। বিশেষ অতিথি ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ল’ রিসার্চ সেন্টার ইসলামী গবেষণা প্রশিক্ষণ ও প্রকাশনায় দেশের অনন্য অসাধারণ এবং এখান থেকে প্রকাশিত ‘ইসলামী আইন ও বিচার’ আন্তর্জাতিক মানের জার্নাল। ইসলামী গবেষণার ক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা পালন করছে।

সেন্টারের নির্বাহী পরিচালক বলেন, ইসলামী গবেষণাভিত্তিক উচ্চ মানের প্রশিক্ষণের আয়োজন বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারীরা তাদের জন্য এ প্রশিক্ষণ কোর্সটি খুবই উপকারী ও পথ-নির্দেশক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।