তীব্র খরায় রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বন্ধ

Printed Edition

বিবিসি

চরম উষ্ণায়ন আর পানিসঙ্কটে চরম বিপাকে পড়েছে পুরো ইউরোপ মহাদেশ। মহাদেশটির অন্যতম প্রধান নদী ডানিয়ুবের পানির স্তর তলানিতে ঠেকায় রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘চেরনাভোদা’র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির ৭০৬ মেগাওয়াটের দু’টি রিয়্যাক্টর ঠাণ্ডা রাখার মতো পর্যাপ্ত পানি না থাকায় কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এর আগে গত জুলাইয়ে এক নম্বর ইউনিটটি বন্ধ করা হয়, আর গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যায় বাকি অংশটিও। ২০০৩ সালের পর এই প্রথম রোমানিয়ার জাতীয় বিদ্যুতের পাঁচভাগের একভাগ জোগান দেয়া এই কেন্দ্রটি পুরো অচল হয়ে পড়ল।

কৃত্রিমভাবে নদীর পানি বাড়াতে পাথরভর্তি বার্জ ডুবিয়েও পারমাণবিক কেন্দ্র সচল রাখা যায়নি। পরিচালক রোমেও উরজান জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে রিয়্যাক্টর সচল হওয়ার কোনো পথ নেই। একই সঙ্কটের মুখে পড়েছে হাঙ্গেরির ‘পাক্স’ পরমাণু কেন্দ্রও। পানি এতটাই নিচে নেমেছে যে, সাকশন পাইপ দিয়ে তা টানা সম্ভব হচ্ছে না। উদ্ভূত বিদ্যুৎ ঘাটতি মেটাতে গিয়ে রোমানিয়া এখন বিকল্প হিসেবে দিনে সৌরশক্তি এবং রাতে পুরনো জ্বালানিনির্ভর ব্যবস্থা ও আমদানির ওপর ভরসা করছে।