সিরাজগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে অধিকার আদায়ের জন্য। প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য। ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধকে শেখ হাসিনার বাপের সম্পত্তি মনে করলেও আমরা তা মানি না মানবো না। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। দেশকে স্বাধীন করেছিল। ২৫ মার্চ কালরাতে শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানে গিয়ে জামাই আদরে বসেছিল। শেখ মুজিব যুদ্ধ করেনি। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। শেখ মুজিববিহীন মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষ ছিল দিশেহারা। নেতৃত্বহীন মানুষকে নেতৃত্ব দেয়ার জন্য সেদিন চট্টগ্রামের কালুরঘাটে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন। সেদিনের সেই মেজর ছিলেন জিয়াউর রহমান। তিনি জেড ফোর্স নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলো। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সেই জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নেয়ার চেষ্টা করল শেখ হাসিনা। তখন মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার আশায় প্রতিবাদটুকু করেননি বলে তিনি আক্ষেপ করেন।



