গাজীপুরে পুলিশকে হুমকি দিয়ে নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল ৩৪ নেতাকর্মী গ্রেফতার

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরে পুলিশকে হুমকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিএমপি সূত্র জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদারের নির্দেশনায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর সদর, বাসনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাসন থানাধীন মোগরখাল এলাকায় কলম্বিয়া গার্মেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝটিকা মিছিল, সরকারি কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় আকস্মিক মিছিল বের করে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে উসকানিমূলক সেøাগান ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার পর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়।

জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চলছে। ঝটিকা মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জিএমপি।

ধানমন্ডিতে ১০ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক জানায়, রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানমন্ডির সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হতে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত আটটি গেঞ্জি ও একটি ব্যানার পাওয়া যায়। যাতে লেখা রয়েছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। এ ছাড়া তাদের বহনকারী দু’টি বাস ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

এ দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তেজগাঁও থানা ৯ জন, শেরেবাংলা নগর থানা ১৫ জন, মোহাম্মদপুর থানা ২৪ জন, আদাবর থানা দুইজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাঁচজন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

অন্য দিকে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তাদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা রয়েছে।