সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

২০ লিটার মদসহ ব্যবসায়ী আটক

ফরিদপুরের সালথায় ২০ লিটার মদসহ আবুল হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে যদুনন্দি ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই এলাকার পলাতক আসামি সুজাতের বাড়িতে মদ কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজাত পালিয়ে গেলেও আবুল হোসেনকে আটক এবং বাড়ি থেকে ২০ লিটার মদ উদ্ধার করা সম্ভব হয়। তিনি যদুনন্দি ইউনিয়নের উথুলী গ্রামের পাচু শেখের ছেলে। সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজাত পালিয়ে যায়। অভিযানের সময় মদ কেনাবেচার সাথে জড়িত ব্যক্তিদেরও শনাক্তের চেষ্টা চলছে। আটক আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।

ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে অপর এক আসামিকে খালাস দেয়া হয়। গত রোববার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের সুমন মোল্যা (১৯) ও ওসমান বেপারী (২৯)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ অক্টোবর সকালে ওই ছাত্রীকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। ২১ অক্টোবর তার মা ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পিপি গোলাম রব্বানী ভুঁইয়া রতন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। ফরিদপুর প্রতিনিধি।

১৭৫ বস্তা সারসহ যুবক আটক

ভোলার চরফ্যাসনে ১৭৫ বস্তা সারসহ দুলাল (২৩) নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। গত রোববার গভীর রাতে চর কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এসব সার জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, চরফ্যাসন সদর থেকে কাঁকড়া ট্রলিতে করে সারগুলো চর কচ্ছপিয়া ঘাটে আনা হয়। পরে নৌকায় তুলে চর কুকরী-মুকরীর দিকে নেয়ার সময় নৌকাটিসহ দুলালকে আটক করা হয়। দুলাল চর কুকরী-মুকরী ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের হোসেন খাঁর ছেলে। আটককালে সারের কোনো চালান বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। দক্ষিণ আইচা থানার ওসি মো: আহসান কবির জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ক্যাপ্টেন মো: শাহিন মাজিদ বলেন, বৈধ কাগজপত্র না থাকায় সার ও নৌকা জব্দ করে দুলালকে থানায় হস্তান্তর করা হয়েছে। চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা।

যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে কয়েক শ মানুষ উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে মিছিল বের করে। মিছিলটি হরিরামপুর থানার দিকে যাওয়ার সময় শাহিনের সমর্থকরা ককটেল বিস্ফোরণ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। পরে মিছিলকারীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ বিষয়ে মোল্লা শাহিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনিয়মের কারণে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। হরিরামপুর (মানিকগঞ্জ)।

ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমন খাতুনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের আরাফাত হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে তাদের তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব পানখালী এলাকার বাসিন্দা জালাল উদ্দীনের স্ত্রী ও সন্তান। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, উদ্ধার ইয়াবার উৎস ও সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা।

রামপালে দক্ষতা উন্নয়ন মেলা

বাগেরহাটের রামপালে যুব সমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা হলরুমে দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা ও যুব উন্নয়ন কর্মকর্তা মো: মফিজুর রহমান মিলনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, যুবদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি। বাগেরহাট (বাগেরহাট) সংবাদদাতা।

৬ লাখ টাকার মাদক আটক

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইস্কফ সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে। গতকাল সোমবার ব্যাটালিয়নের অধীন বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং দুই হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ছয় লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা। দিনাজপুর প্রতিনিধি।

মার্কেট রক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মানববন্ধন

জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা মার্কেটে অবৈধভাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে সাভারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে সাভার বাসস্ট্যান্ডে মার্কেটের সামনে আয়োজিত কর্মসূচিতে তিন শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী অংশ নেন। তারা হাতে হাত ধরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদারসহ আরো অনেকে বক্তব্য দেন। মহাসচিব বলেন, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা মার্কেট নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে মার্কেটে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তিনি সব ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি আহ্বান জানান। বক্তারা মার্কেটটি দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বার্থে পরিচালনার দাবি জানান। সাভার (ঢাকা) সংবাদদাতা।