বিশেষ সংবাদদাতা
দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ধারাবাহিকতায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরো দু’টি শিল্পপ্রতিষ্ঠানের সাথে ভূমি ইজারা চুক্তি সই করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। দুই প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগের পরিমাণ প্রায় ৬.৫১ কোটি মার্কিন ডলার (বাংলাদেশী ৭৬০ কোটি টাকারও বেশি)। প্রতিষ্ঠান দু’টি হলো- গোল্ডেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও জনপ্রিয় ‘স্যাভয় আইসক্রিম’-এর স্বত্বাধিকারী গোল্ডেন অয়েল মিলস লিমিটেড এবং ওষুধ খাতের প্রতিষ্ঠান ডেল্টা এপিআই লিমিটেড।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বেজার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। বেজার পক্ষে নির্বাহী সদস্য সালেহ আহমদ এবং প্রতিষ্ঠান দু’টির পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা ভূমি লিজ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫.২৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গোল্ডেন অয়েল মিলস : অনুষ্ঠানে জানানো হয়, চুক্তি অনুযায়ী, গোল্ডেন অয়েল মিলস জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমিতে প্রায় ৫.২৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি খাদ্য ও কৃষিভিত্তিক পণ্য, ফ্রোজেন ফুড, আইসক্রিম, বিশেষায়িত তেল ও ফ্যাট, প্যাকেজিং, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এবং উন্নত প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রায় ছয় হাজার মানুষের বিশাল কর্মসংস্থান হবে।
ওষুধের কাঁচামাল উৎপাদন করবে ডেল্টা এপিআই : অন্য দিকে ডেল্টা এপিআই লিমিটেড ১২ একর জমিতে প্রায় ১.২৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (অচও) বা ওষুধের কাঁচামাল উৎপাদন কারখানা স্থাপন করবে। এখানে প্রায় ২০০ জনের কর্মসংস্থান হবে। উল্লেখ্য, একই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটি এর আগে আরো ৩০ একর জমি লিজ নিয়েছে। যার হস্তান্তর প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে এবং শিল্প স্থাপনের অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বাংলাদেশ এখন শুধু উৎপাদনের গন্তব্য নয়, বরং আঞ্চলিক বিনিয়োগ ও শিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ আমাদের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। তিনি জানান, অর্থনৈতিক অঞ্চলে কিছু চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ এবং বিনিয়োগকারীদের দ্রুত উৎপাদন শুরু করতে বেজা সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে গোল্ডেন অয়েলসের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ এবং ডেল্টা এপিআইর ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন। তারা বেজার বিনিয়োগবান্ধব নীতিমালার প্রশংসা করেন, পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ এবং শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে বেজার দ্রুত পদক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
বেজার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) সালেহ আহমদ বলেন, দেশে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে বেজা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।



