খুলনা ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে ক্ষমতাসীন ও সাধারণ মানুষের জন্য দুই ধরনের বিচারব্যবস্থা চলছে, যা একটি স্বাধীন দেশের বৈশিষ্ট্য হতে পারে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের অভাব ও জনগণের আকাক্সক্ষা উপেক্ষা করার ফলেই দেশে বারবার অসন্তোষ ও আন্দোলন তৈরি হচ্ছে। এই সঙ্কট নিরসনে সঙ্ঘাত নয়, বরং সংলাপের মাধ্যমে সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছে, যা স্বাধীনতার চেতনার পরিপন্থী। বর্তমান বিশ্বব্যবস্থায় আধিপত্যবাদের ধরন বদলানোর কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, কোনো দেশের সিদ্ধান্ত গ্রহণে যদি অন্য শক্তির প্রভাব থাকে, তবে সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ নয়।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াত নেতা বলেন, স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়; রাজনীতিবিদ, ছাত্র, শ্রমিক ও কৃষকদের সম্মিলিত আত্মত্যাগের ফলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।



