সিভাসুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন

Printed Edition

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন করা হয়েছে। নানা আয়োজনের মাধ্যমে সিভাসু কর্তৃপক্ষ দিবসটি উদযাপন করে। এ উপলক্ষে সিভাসু কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, আজান, হামদ ও নাত, রাসূল সা: এর জীবনীর ওপর বক্তৃতা প্রতিযোগিতা, রাসূল সা: সম্পর্কে স্বরচিত কবিতা প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা এবং আলোচনা সভা। শুক্রবার সকালে সাড়ে ৯টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সিভাসুর পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের পশ্চিম খুলশীর কৃষ্ণচূড়া আ/এ-তে অবস্থিত মসজিদে বেলাল (রা:) -এর খতিব মুফতি আহমেদ হোসাইন সাকিব।

বক্তব্য রাখেন সিভাসু শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান, ছাত্র প্রতিনিধি ডা: জিয়া উদ্দিন এবং কর্মচারী প্রতিনিধি মো: মাকসুদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সিভাসুর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মো: আ: হালিম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা মহানবী সা:-এর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন এবং রাসূলুল্লাহ সা:-এর জীবনাদর্শ ধারণ ও অনুসরণ করে জীবনযাপন করার আহ্বান জানান। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, আজান, হামদ ও নাত, রাসূল সা:-এর জীবনীর ওপর বক্তৃতা প্রতিযোগিতা, রাসূল সা: সম্পর্কে স্বরচিত কবিতা প্রতিযোগিতা এবং ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিভাসু কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফিজ আহমাদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।