দর্শনায় রাতের আঁধারে ১৪ ভারতীয়কে পুশইন ফেরত পাঠাল বিজিবি

Printed Edition
দর্শনায় পুশইন করা ভারতীয় নারী-পুরুষ : নয়া দিগন্ত
দর্শনায় পুশইন করা ভারতীয় নারী-পুরুষ : নয়া দিগন্ত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের পুশইন করা ১৪ ভারতীয়কে কড়া প্রতিবাদ জানিয়ে ফেরত পাঠিয়েছে (পুশব্যাক) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল দুপুরে কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবির তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে তাদের পুশব্যাক করা হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত আইন ও আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করে বিএসএফ ১৪ ভারতীয়কে বাংলাদেশে (দর্শনা সীমান্ত দিয়ে) ঠেলে পাঠানোর ঘটনায় আমরা কঠোর প্রতিবাদ জানিয়েছি। এরই ধারাবাহিকতায় বিএসএফ ১৪৬ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী প্রেমপাল সিংয়ের উপস্থিতিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

তিনি আরো জানান, বিজিবির মোহাম্মদপুর কোম্পানি কমান্ডার ও বিএসএফের জলঙ্গী কোম্পানি কমান্ডারের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৪ জনকে পুশব্যাক করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে তীব্র শীত, ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগে ভারতের নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ দর্শনা সীমান্ত অতিক্রম করে তাদের বাংলাদেশে পুশইন করে। তাদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও দু’জন শিশু ছিল। পরে তারা দর্শনা হল্ট স্টেশনের কাছে একটি গাছের তলায় প্রচণ্ড শীত ও খাবারের অভাবে অসহায় অবস্থায় পড়ে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। রাত আনুমানিক ১১টার দিকে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও দর্শনা বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার এবং পরিচয় ও ঠিকানা সংগ্রহ করে।

পুলিশ ও বিজিবি জানায়, তারা ভারতের ওড়িষ্যা প্রদেশের জগশ্বরপুর জেলার বাসিন্দা। নাম গুলশান বিবি (৯০), জব্বার আলি (৭০), আলকুম বিবি (৬৫), উকিল শেখ (৪৩), সাবেরা বিবি (৩৪), হাকিম আলি (৪৫), সামসেরা বিবি (৪২), শেখরাজ (৩২), মেহেরুন বিবি (২৫), রহিদ আলি (৩৪), শেখ বান্টি (২৮), শাকিলা খাতুন (১০), নাছরিন নেছা (১২) ও মো: তৌহিদ আলি (১৪)।

তাদের মধ্যে বৃদ্ধ জব্বার আলি সাংবাদিকদের বলেন, আমরা ভারতের নাগরিক। আমাদের কাছে নাগরিক কার্ড ও আধার কার্ড ছিল, সব কেড়ে নেয়া হয়েছে। শুধু মুসলিম পরিচয়ের কারণে আমাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। এ দেশে আমাদের কেউ নেই, আমরা কোথায় যাব?

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাতেই ১৪ জনের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়।

দর্শনা বিজিবি জানায়, তারা সবাই হিন্দি ভাষাভাষী এবং বাংলাদেশে কোনো আত্মীয়স্বজন বা পরিচিত কেউ নেই বলে জানিয়েছেন।

গোমস্তাপুরে ৫ জনকে পুশইন

গোমস্তাপুর উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফ পাঁচজনকে পুশইন করেছে। গতকাল সকাল ৯টার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের (নওগাঁ) আওতাধীন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ বিওপি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে । এর মধ্যে তিনজন পুরুষ ও দু’জন নারী।

তাদের মধ্যে কামরুল লস্কর (৪৬), মো: সাদ্দাম লস্কর (২২), মোছা: লিপি লস্কর (৪০) ও মোছা: ফিরোজা (১৬) জানিয়েছেন, তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার জামিল ডারা গ্রামে। অপরজন মো: হায়দার সরদার (২৩) জানান, তিনি বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কাটাদূর গ্রামের বাসিন্দা।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটকদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।