ভারতের সাথে উত্তেজনার ক্ষেত্রে পাকিস্তান অবশ্যই এই গোষ্ঠীকে একত্র করার এবং কোনো না কোনো রূপে চুক্তিটি কার্যকর করার চেষ্টা করবে। ভারতের জন্য এই চুক্তির অর্থ কী এ বিশ্লেষণে মক্কা চুক্তির ঘোষণার জবাবে ভারত বলেছে, তারা পশ্চিম এশিয়ার সঙ্ঘাতের ঘটনাবলি এবং বিশেষ করে এই চুক্তির ‘প্রভাব’ জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর প্রভাব উভয় দিক থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি নির্ধারিত সংবাদ সম্মেলনে বলেন, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
যদিও এই চুক্তিটি মূলত আঞ্চলিক গতিপ্রকৃতি সম্পর্কিত, পাকিস্তান এটিকে ভারতের সাথে ভবিষ্যতের উত্তেজনার ক্ষেত্রে একটি প্রতিবন্ধক হিসেবে তুলে ধরতে এবং ব্যবহার করতে চেষ্টা করবে, বিশেষ করে গত বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর তিক্ত অভিজ্ঞতার পর।
২০১৬ সালে উরিতে সন্ত্রাসী হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি শিবিরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক এই দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করেছিল যে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ভয়ে ভারত প্রচলিত অভিযান থেকে বিরত থাকবে। একইভাবে, পাহালগামে পর্যটকদের ওপর হামলার জবাবে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ, পাকিস্তানি হামলার পর ভারত সামরিক বাহিনীর কেন্দ্রস্থলে আঘাত হানে এবং চূড়ান্ত সামরিক অপ্রতিসাম্য প্রতিষ্ঠা করে। ২০২৬ সালের ৮ থেকে ১০ মে-র মধ্যে সামরিক লক্ষ্যবস্তুতে চালানো ভারতীয় দূরপাল্লার নির্ভুল হামলাগুলো সামান্যই প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, যদিও এইচকিউ৯ বিমান প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়েছিল এবং রানওয়েগুলো অচল করে দেয়া হয়েছিল। এই চার দিনের সঙ্ঘাতে পাকিস্তানকে সক্রিয়ভাবে সাহায্য করেছিল চীন ও তুরস্ক। পাকিস্তান ভারতীয় অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে এবং প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করার জন্য ব্যাপকভাবে তুর্কি ড্রোন ব্যবহার করেছিল এবং ধারণা করা হয় যে, তুর্কি সামরিক কর্মীরা পাকিস্তানকে সহায়তা করার জন্য স্থলভাগে অবস্থান করছিল।
মক্কা চুক্তির যৌথ প্রতিরক্ষা বিধানটি কোন পরিস্থিতি, মানদণ্ড ও পদ্ধতির অধীনে প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়ে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে। এটি সম্ভবত একটি পরামর্শমূলক এবং ক্রমবিকাশমান প্রক্রিয়া। উদাহরণস্বরূপ, একটি বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে তুরস্ক ও সৌদি আরবের সামরিকভাবে যোগ দেয়ার সম্ভাবনা খুবই কম। বেশ কয়েকজন ভারতীয় কর্মকর্তা এই মত প্রকাশ করেছেন, যদিও কিছু পর্যবেক্ষক এও যুক্তি দিয়েছেন যে, পশ্চিম এশিয়ায় দীর্ঘদিনের সম্পর্কের কারণে ভারত আরো সক্রিয় নিরাপত্তা ভূমিকা পালন করতে পারে।
একইভাবে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কি যৌথ প্রতিরক্ষা বিধানটি প্রয়োগের জন্য একটি উপযুক্ত মানদণ্ড? এটি লক্ষণীয় যে, চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক দিন পর ৯ আগস্ট জাজান তেল শোধনাগারে হুথি ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, তার কোনো যৌথ প্রতিক্রিয়া দেখা যায়নি।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত-সৌদি সম্পর্কও উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে এবং সৌদি আরব যখন তার অর্থনীতি ও নিরাপত্তার বৈচিত্রায়নের দিকে নজর দিচ্ছে, তখন ভারত এমন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যা তারা হারাতে চাইবে না। এই অঞ্চলে ও এর বাইরে সম্পর্কের জটিলতা এবং পরিবর্তনশীল গতিপ্রকৃতির পরিপ্রেক্ষিতে, আপাতত এই চুক্তিটি একটি চূড়ান্ত সামরিক জোটের পরিবর্তে রাজনৈতিক অভিপ্রায়ের প্রকাশ এবং একটি সতর্কতামূলক কৌশল হিসেবেই রয়ে গেছে।
২০২৫ সালের মে মাস থেকে বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর মার্কিন হামলা, যা এখন একটি পুরোদস্তুর সঙ্ঘাতে পরিণত হয়েছে; হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা এবং ইউক্রেন যুদ্ধের পরিবর্তিত রূপরেখা। এইসব ঘটনাপ্রবাহের মধ্যে ইসলামাবাদ নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছে। এর পাশাপাশি, মক্কা প্রতিরক্ষা চুক্তিটি অনিশ্চয়তা সৃষ্টি করে এবং ভারতের পক্ষ থেকে সতর্কতার দাবি রাখে।
তবে অপ্রয়োজনীয় আশঙ্কা সৃষ্টি হওয়া উচিত নয়। গত ৭ আগস্ট, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘সম্মিলিত প্রতিরোধ’ জোরদার করার জন্য মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি করে এবং এ চুক্তিতে বলা হয়েছে যে, “তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে সশস্ত্র আক্রমণকে তাদের সবার বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।”
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আরো দেশ এতে যোগ দিতে পারে, সম্ভবত মিসরও, যদিও কায়রো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিবেদন অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাথে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কারণে সৌদি আরব মিসরকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে।
পারস্পরিক প্রতিরক্ষার আহ্বানকারী ন্যাটোর ৫ নং অনুচ্ছেদের সাথে তুলনা করে ফিদান বলেন, মক্কা চুক্তির তিন স্বাক্ষরকারী দেশ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে, কোনো আক্রমণের ক্ষেত্রে তারা কী পরিমাণ, কী ধরনের এবং কী বিন্যাসের সহায়তা চাইবে।
এই চুক্তিটি ভারতের জন্য এর প্রভাব নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে। যদিও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে, তবে বিভিন্ন কারণে এটিকে অতিরঞ্জিত করা উচিত নয়।
নিরাপত্তার বৈচিত্র্যকরণ
চুক্তি স্বাক্ষরের পর জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, এটি তিনটি দেশকে একত্রকারী ‘ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির’ স্থায়ী বন্ধনের ওপর ভিত্তি করে তৈরি এবং তাদের ‘যৌথ’ কৌশলগত স্বার্থ ও দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সহযোগিতার ওপর নির্মিত। এটি একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে ‘অঞ্চলে ও এর বাইরে’ শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রচার এবং ‘সম্মিলিত নিরাপত্তা’ আরো শক্তিশালী করার জন্য তাদের ‘যৌথ অঙ্গীকার’ প্রতিফলিত করে।
মূলত, এই চুক্তিটি এই অঞ্চলের পরিবর্তনশীল গতিপ্রকৃতি ও যুক্তরাষ্ট্রের প্রতি পশ্চিম এশীয় দেশগুলোর হ্রাসমান আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ায় চলমান সঙ্ঘাত থেকে উদ্ভূত উপলব্ধির ওপর ভিত্তি করে এটি তাদের একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা। যে দেশগুলো ঐতিহ্যগতভাবে তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে এসেছে, তারা ইরানের আক্রমণের শিকার হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে অক্ষম প্রমাণিত হয়েছে। অধিকন্তু, আমেরিকান ঘাঁটি স্থাপন, যা আগে নিরাপত্তার নিশ্চয়তা দিত, এখন একটি দায়ে পরিণত হয়েছে। এটি এই দেশগুলোকে আক্রমণের ঝুঁকিতে ফেলেছে। বিনিয়োগের বিনিময়ে সৈন্য ও সরঞ্জাম মোতায়েনের জন্য কুয়েতও যে পাকিস্তানের সাথে একটি বর্ধিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে, তা এই ধারণাকে আরো শক্তিশালী করে। এটা স্পষ্ট নয় যে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের আওতা, যা ‘ইসলামিক বোমা’ নামে পরিচিত, তা মক্কা চুক্তির অধীনে আসবে কিনা। গত বছর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিলেন, এসএমডিএ-এর অধীনে প্রয়োজনে দেশটির পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের কাছে ‘উপলব্ধ করা হবে’।
অতীতের দৃষ্টান্ত
পাকিস্তান এই ধরনের চুক্তির ক্ষেত্রে নতুন নয় এবং এই অঞ্চলের অংশীদারদের সামরিক সহায়তা প্রদানের ক্ষেত্রে দেশটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৮২ সালের যৌথ প্রতিরক্ষা প্রোটোকলের মাধ্যমে সৌদি-পাকিস্তানি সশস্ত্রবাহিনী সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং পাকিস্তান সৌদি আরবে ২০ হাজারের বেশি সৈন্য মোতায়েন করে। অনুরূপ সহযোগিতা অব্যাহত রয়েছে। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ইয়েমেনে সন্ত্রাসবাদ মোকাবেলায় গঠিত সৌদি নেতৃত্বাধীন ২০১৫ সালের ইসলামিক মিলিটারি অ্যালায়েন্সের নেতৃত্ব দেন।
কয়েক মাস আগে যখন সৌদি আরব ইরানের আক্রমণের শিকার হয়েছিল, তখন পাকিস্তান এসএমডিএর অধীনে সৌদি আরবে আট হাজার সৈন্য, প্রধানত জেএফ-১৭ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন এবং এইচকিউ-১৯ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল। প্রতিবেদন অনুসারে, এসএমডিএতে ৮০ হাজার পর্যন্ত সৈন্য মোতায়েনের ব্যবস্থা রয়েছে।
অতীতে সৌদি আরব তার নিরাপত্তা চাহিদা পূরণের জন্য পাকিস্তানের ওপর নির্ভর করেছে এবং এই সর্বশেষ চুক্তিটি তারই ধারাবাহিকতা। এর বিনিময়ে, পাকিস্তান এই প্রভাবশালী রাজ্যের সুনজরে থাকে এবং অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা পায়, বিশেষ করে এমন এক সময়ে যখন তার অর্থনীতি ডুবছে।
ন্যাটোর অংশীদার হওয়া সত্ত্বেও তুরস্ক দীর্ঘদিন ধরে একটি স্বাধীন নীতি এবং বহুপক্ষীয় পন্থা অনুসরণ করে আসছে। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের সাথে উল্লেখযোগ্য সামরিক সম্পৃক্ততা থাকা সত্ত্বেও তুরস্ক তার দেশীয় প্রতিরক্ষা শিল্প, বিশেষ করে ড্রোন শিল্পকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে এবং পাকিস্তান ও সৌদি আরব উভয়কেই সরঞ্জাম সরবরাহ করে আসছে। আঙ্কারা এই প্রতিরক্ষা ভিত্তি এবং অতিরিক্ত সৈন্য সরবরাহের সক্ষমতা, যা সাম্প্রতিক সঙ্ঘাতগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে, তা এই নতুন চুক্তিতে নিয়ে আসছে।



