ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে তীব্র বিদ্যুৎ সঙ্কট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও ব্যাটারিচালিত ইজিবাইক-ভ্যানচালকেরা। ব্যাহত হচ্ছে পড়াশোনা, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, একটানা দুই থেকে আড়াই ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আবার দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টার মতো বিদ্যুৎ পাওয়া যায়। বাকিটা সময় বিদ্যুৎ থাকছে না। ফলে প্রচণ্ড গরমে দুপুর বেলা কিংবা রাতে ঘুমাতেও কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের।
শিক্ষার্থীরা বলছে, রাতে বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মনোযোগ দেয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে পরীক্ষা ও গুরুত্বপূর্ণ পড়াশোনার সময়ে লোডশেডিংয়ে বেশি ভোগান্তি হচ্ছে। বিদ্যুৎনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো ব্যাটারি চার্জ দিতে না পারায় ইজিবাইক ও ভ্যানচালকদের আয় কমে গেছে।
ধনবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী নাঈমুল হাসান বলেন, প্রতিদিন এ উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ থেকে ১৬ মেগাওয়াট। বর্তমানে গ্রিড থেকে ৯ থেকে ১১ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।



