নিজস্ব প্রতিবেদক
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি মন্ত্রণালয় পরিদর্শন : এদিকে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, গতকাল বেলা ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ছিল সচিবালয়ের ৪ নং ভবনের ছয় তলায় কৃষি মন্ত্রণালয় পরিদর্শন এবং সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক।
প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতর থেকে বেরিয়ে ৪ নং ভবনে হেঁটে যান এবং সেখানে সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় ওঠেন। লিফট প্রস্তুত থাকলেও প্রধানমন্ত্রী সিঁড়ি দিয়ে ওঠেন। ছয় তলায় ওঠার সময়ে প্রধানমন্ত্রীর সাথে কৃষিমন্ত্রী আমির উর রশীদ ছিলেন।
উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন।



