খাল ভরাট করে বাঁধ নির্মাণ
কুমিল্লার লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকায় সরকারি খাল দখল করে ভরাট ও বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খালটি ভরাট করা হলে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার পাশাপাশি পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হবে। জানা গেছে, ফতেহপুর গ্রামের মৃত আলী আজগর মিয়ার ছেলে ব্যবসায়ী আবুল কালাম একই এলাকার নিখোঁজ বিএনপি নেতা হুমায়ূন কবির পারভেজের বাড়ির পূর্ব পাশের সরকারি খালের একটি অংশে ভরাট ও বাঁধ নির্মাণের কাজ করছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের লাকসামের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো: মাহি উদ্দিন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে কোনো ধরনের বাঁধ নির্মাণ আইনসম্মত নয়। লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা।
চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
নাটোরের সিংড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের জাল সরবরাহকারী শহিদুল সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকারপাড়া এলাকার ব্যবসায়ী একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সিংড়া (নাটোর) সংবাদদাতা।
কুমিল্লায় বিনামূল্যে ক্যান্সার পরামর্শসেবা
ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে পরামর্শসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে কুমিল্লা মডার্ন হাসপাতাল। এ উপলক্ষে গত সোমবার দুপুরে হাসপাতালের মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা: আবুল বাশারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চীনের গুয়াংজু মডার্ন ক্যান্সার হসপিটালের অনকোলজি বিশেষজ্ঞ ডা: উ ওয়েইর। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: মাহবুব ইসলাম মজুমদার ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এস চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যে ডা: উ ওয়েই বলেন, বাংলাদেশী ক্যান্সার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেয়ার সক্ষমতা রয়েছে গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতালের। কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও তুলে ধরেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এই কার্যক্রমের মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। কুমিল্লা প্রতিনিধি।
বটতলায় পথনাটক ‘পাখির ভবিষ্যৎ’ মঞ্চস্থ
আষাঢ়ের বিকেলের নরম আলোয় দুই শতাব্দী প্রাচীন এক বটগাছের বিস্তৃত ছায়া। ঝুলন্ত শেকড়ের চারপাশে জড়ো হয়েছেন কৃষক, শিক্ষার্থী, শিশু ও প্রবীণরা। হঠাৎ মানুষের কণ্ঠে ভেসে উঠল পাখির আর্তনাদ ও গাছের নীরব প্রতিবাদ। মুহূর্তেই মনে হলো, আজ মানুষ নয়, কথা বলছে প্রকৃতিই। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি ও প্রাণবৈচিত্র্য খামারের সহযোগিতায় গত সোমবার বিকেলে ঢাকা অপেরা নাটকের দল মঞ্চস্থ করে ব্যতিক্রমধর্মী পথনাটক ‘পাখির ভবিষ্যৎ’। এটি দলটির ৩৯ ও ৪০তম প্রদর্শনী। নাটকের মূল বার্তা, পৃথিবীটা করতে হবে আবার সবুজ। প্রাকৃতিক কৃষি খামারের পরিচালক দেলোয়ার জাহান বলেন, একটি গাছ অসংখ্য প্রাণীর নিরাপদ আশ্রয়। গাছ কাটা মানে পুরো বাস্তুতন্ত্রকে দুর্বল করে দেয়া। ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা।
রাশিয়ান নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণ
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত শুক্রবার জুমার নামাজের পর শহরের পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।
মসজিদ সূত্রে জানা যায়, ইসলাম গ্রহণের আগে ওই রাশিয়ান নাগরিকের নাম ছিল সেরগি। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো: আব্দুল্লাহ। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমে কর্মরত রয়েছেন। পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হক জানান, সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ও স্বপ্রণোদিত হয়ে কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তার জন্য দোয়া করেন এবং সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।
অবৈধ স্যালাইন কারখানাকে জরিমানা
পাবনায় অবৈধ দু’টি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দু’টি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করে আসছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে একইদিন সকালে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামের একটি স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে স্যালাইন তৈরি ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তবে জরিমানা করা যায়নি। পাবনা প্রতিনিধি।
বসিক-এর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিকল্পনা
বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ সফল করার লক্ষ্যে জোনাল অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নগর ভবনের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন সভায় সভাপতিত্ব করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্রসহ বিসিসির স্বাস্থ্য শাখার কর্মকর্তা, কর্মচারীরা। সভায় ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। উল্লেখ্য যে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহায়তায় আগামী ২৮ জুন এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে। বরিশাল ব্যুরো।



