পে-স্কেল নিয়ে ধৈর্য ধরুন, রিপোর্ট পেলেই বাস্তবায়ন : অর্থ উপদেষ্টা

Printed Edition
গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ :  নয়া দিগন্ত
গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ : নয়া দিগন্ত

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়াও গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট সংস্কারের পক্ষে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট দিতে গণভোট।

গতকাল বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

গতকাল নাটোরের মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এই স্টেডিয়াম খেলাধুলাসহ এলাকার সংস্কৃতি, কৃষ্টি, কালচার বিকাশ ঘটাতে সহায়তা করবে।

পরিদর্শনকালে উপদেষ্টার সাথে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থসচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধনকালে বলেন, আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্ব পালন করতে এসেছি। দায়িত্ব পালনকালে অনেক কিছুই করতে পেরেছি আবার অনেক কিছুই করতে পারিনি। আশানুরূপ সংস্কার করতে না পারলেও সব ক্ষেত্রে সংস্কার অনেক দূর এগিয়ে গেছে। এই সংস্কারকে কনটিনিউ করতে হলে আগামী ১২ তারিখের গণভোটে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে রায় দিন। হ্যাঁ ভোটের পক্ষে রায় দিলে উন্নয়ন হবে দেশ এগিয়ে যাবে। মানুষ তার অধিকার ফিরে পাবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধ হবে। তাই আগামী গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে থাকুন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, গণভোট প্রশ্নে রাজশাহী বিভাগে গণজোয়ার শুরু হয়েছে। জুলাই চেতনা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। জুলাই মেমোরেন্ডাম বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধন করেন।