জাতিসঙ্ঘের মানবিক বয়ান ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার আড়াল করছে

Printed Edition
ফিলিস্তিনের গাজা সিটির উপকূলীয় এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলার পর স্বজনদের লাশ নিয়ে ফিলিস্তিনিদের আহাজারি : ইন্টারনেট
ফিলিস্তিনের গাজা সিটির উপকূলীয় এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলার পর স্বজনদের লাশ নিয়ে ফিলিস্তিনিদের আহাজারি : ইন্টারনেট

মিডল ইস্ট মনিটর

গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান ও ভূখণ্ড সম্প্রসারণের বিষয়ে জাতিসঙ্ঘের বর্তমান অবস্থান ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতি ফুটিয়ে তুলতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক রুমানা ওয়াদি। ‘মিডল ইস্ট মনিটর’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, ইসরাইলের ঔপনিবেশিক সম্প্রসারণকে স্পষ্টভাবে চিহ্নিত না করে বিষয়টিকে কেবল মানবিক সঙ্কটের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করায় মূল রাজনৈতিক সমস্যাটি আড়ালে চলে যাচ্ছে।

বিশ্লেষণে বলা হয়, গাজায় ইসরাইল ঘোষিত ‘ইয়েলো লাইন’ ও ‘অরেঞ্জ লাইন’ এলাকার সামরিক নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা বেশ সীমিত। অথচ চলমান যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে এই ভূখণ্ড দখলের বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল। লেখকের মতে, গাজায় ইসরাইলের বর্তমান অবস্থান মূলত পশ্চিম তীরের মতোই এক দীর্ঘমেয়াদি দখল নীতির অংশ। সম্প্রতি জাতিসঙ্ঘের একটি রিপোর্টে জানানো হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর ক্রমাগত অগ্রযাত্রার কারণে গাজায় বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ স্থান সঙ্কুচিত হয়ে পড়ছে।

নিবন্ধে আরো উল্লেখ করা হয়, জাতিসঙ্ঘের অধিকাংশ রিপোর্টে ইসরাইলের কর্মকাণ্ডকে ধারাবাহিক কোনো পরিকল্পনার অংশ হিসেবে না দেখিয়ে পৃথক পৃথক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়। এর ফলে ত্রাণকার্যক্রমে বাধা, মানবিক সঙ্কট বা জোরপূর্বক স্থানান্তরের বিষয়গুলো সামনে এলেও এসবের পেছনের মূল রাজনৈতিক ও ঔপনিবেশিক প্রেক্ষাপটটি উহ্য থেকে যায়। বিশ্লেষকের মতে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের কথা বারবার প্রচার করা হলেও ইসরাইলের এই ঔপনিবেশিক নীতিকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় না। ফলে বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের দুর্ভোগকে কেবল একটি মানবিক সঙ্কট হিসেবে দেখা হচ্ছে এবং তাদের মূল রাজনৈতিক অধিকার ও দীর্ঘস্থায়ী দখলদারিত্বের প্রশ্নটি জবাবদিহির বাইরেই থেকে যাচ্ছে।

গাজায় ফের ইসরাইলি হামলা: শিশুসহ নিহত ৭

আলজাজিরা জানায়, গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও গুলিবর্ষণে এক শিশুসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার অবরুদ্ধ এই অঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় আহত হয়েছে আরো বহু মানুষ। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনুসের মাওয়াসি এলাকায় ইসরাইলি বিমান হামলায় একজন নিহত আর দু’টি শিশু আহত হয়। এ ছাড়া গাজা শহরেরর পশ্চিমাংশে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবু শিবিরের কাছে ইসরাইলের চালানো বিমান হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়। একই সময়ে খান ইউনুসে হওয়া তৃতীয় আরেকটি বিমান হামলায় আরেকজন নিহত ও আরো তিনজন আহত হয়। ইসরাইলি বাহিনীর দাবি, এই দু’টি হামলাও হামাসের যোদ্ধাদের লক্ষ্য করেই চালানো হয়েছিল।